শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

বাগেরহাটের শরণখোলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমান মীর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার রুমান একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে এবং একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চালরায়েন্দা গ্রামের রুমান মীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় রুমানকে আটক করা হয়।

পরে তার বসতঘর তল্লাশি করে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, গ্রেপ্তার রুমান মীর একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এ ঘটনায় শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার রুমান মীরকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।