আশুলিয়ায় শ্রমিক-পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; বন্ধ ১৩ কারখানা।

ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; বন্ধ ১৩ কারখানা।

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। বিক্ষোভ, ভাঙচুর ও শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের অন্তত ১৩টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার পর আশুলিয়ার কাঠগড়া বাজার, নয়াপাড়া ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিশেষ করে এআর জিন্স ও কন্টিনেন্টাল কারখানার বিভিন্ন স্থাপনার কাচ ভাঙচুর করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এআর জিন্সসহ সংশ্লিষ্ট কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দুপুরের দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় সড়ক ও শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হন।

প্রত্যক্ষ পরিস্থিতি ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংঘর্ষের পরও ঘটনাস্থলে শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান থাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের অন্তত ১৩টি কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। বন্ধ কারখানাগুলোর মধ্যে নিউ এইজ, নীট এশিয়া, স্টার্লিং ক্রিয়েশন, কন্টিনেন্টাল ও এআর জিন্স উল্লেখযোগ্য। তবে কারখানা বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে শনিবার দুপুরে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ কারখানায় ছুটি ঘোষণা ও শিল্পাঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমার কাছে তথ্য রয়েছে, ছয়টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত হওয়ার খবর এসেছে, তবে প্রাথমিকভাবে বিস্তারিত এখনই জানানো সম্ভব হচ্ছে না।’

শ্রমিক অসন্তোষের সূত্রপাত, সংঘর্ষে আহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এবং কারখানা বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।