শরণখোলায় চুরি-ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী।

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা :

শরণখোলায় চুরি-ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী।

ভ্যান চুরি, প্রবাসীকে মারধর ও মুঠোফোন ছিনতাই—মাদকসংশ্লিষ্ট অপরাধ নিয়ে উদ্বেগ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চুরি, ছিনতাই, মাদকসেবীদের উপদ্রব এবং চাঁদা দাবির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি এক দরিদ্র ভ্যানচালকের ব্যাটারিচালিত অটোভ্যান চুরি এবং এক প্রবাসীর পথরোধ করে মারধর, মুঠোফোন ছিনতাই ও ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় গত কয়েক মাস ধরে চুরির ঘটনা বেড়েছে। রাতের আঁধারে ঘরের সিঁদ কেটে, দোকান ও বসতবাড়ির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও অটোরিকশা চোরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মৃত আ. রব তালুকদারের ছেলে দরিদ্র ভ্যানচালক মো. শাহ আলম তালুকদারের (৫০) একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়েছে। সুপারি গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখা অবস্থায় ভ্যানটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

চুরি হওয়া ভ্যানটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে ছয় সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন শাহ আলম। ভ্যানটি হারিয়ে তাঁর পরিবারে এখন দুর্ভোগ নেমে এসেছে।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধের সঙ্গে স্থানীয় কিছু মাদকসেবী ও মাদক কারবারি জড়িত থাকতে পারে। নেশার টাকা জোগাড় করতে যুবকদের একটি অংশ চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলেও তাঁদের দাবি।

প্রবাসীর পথরোধ করে মারধর, মুঠোফোন ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগ

শুধু চুরিই নয়, গত ২৮ অক্টোবর এক প্রবাসীর পথরোধ করে মারধর, মুঠোফোন ছিনতাই এবং ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মধ্য কদমতলা গ্রামের মো. ইউসুফ মীরের ছেলে প্রবাসী মো. ইমান মীর গত ২৫ অক্টোবর সন্ধ্যায় পশ্চিম কদমতলা এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় উত্তর কদমতলা গ্রামের মৃত শাহ আলম শিকদারের ছেলে মো. নাঈম শিকদার (২৬) এবং একই এলাকার ছৈয়দ আকন (৫৫) তাঁর কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ইমান মীর ও তাঁর এক সঙ্গীর দুটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেন। পরে ২০ হাজার টাকা অথবা স্বর্ণের চেইন দাবি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

পুলিশের বক্তব্য

এসব বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, পুলিশ ঘটনাগুলো সম্পর্কে অবগত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। ভ্যান চুরির ঘটনা ও প্রবাসীর দায়ের করা অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

উপকূলীয় জনপদ শরণখোলায় চুরি, ছিনতাই ও মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ এলাকাবাসী। তাঁদের দাবি, অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক নির্মূলে বিশেষ অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করতে হবে।