ফুটপাত দখল মুক্ত ও সড়ক রক্ষণাবেক্ষণে জোর দিলেন খুলনার বিভাগীয় কমিশনার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ফুটপাত দখল মুক্ত ও সড়ক রক্ষণাবেক্ষণে জোর দিলেন খুলনার বিভাগীয় কমিশনার।

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় ফুটপাত দখল মুক্ত করে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ নিশ্চিত করা, নিয়মিত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং মোটর সাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বিভাগীয় কমিশনার বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর তিন দশক পেরিয়ে গেলেও সড়ক এখনো নিরাপদ হয়ে ওঠেনি। সড়ক অনিরাপদ থাকার পেছনে বহুমাত্রিক কারণ রয়েছে। এর মধ্যে অর্থনীতিতে টেকসই উন্নয়নের অভাব অন্যতম।

তিনি বলেন, গুটিকয়েক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে অনেক মানুষের জন্য মৃত্যুফাঁদ তৈরি করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়ায় সড়ক যেন অনিরাপদ হয়ে না ওঠে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মোটরসাইকেল চালকদের দক্ষতা অর্জনের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিত ভাবে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

 

সভায় বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই-এর খুলনা জেলা সভাপতি তরিকুল ইসলাম, মহানগর সভাপতি মাহবুবুর রহমান মুন্না, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খান জাহিদ হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সারোয়ার রহমান এবং বাস মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিআরটিএর উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেটের সামনের সড়কে রোড শো অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সরকারি ছুটি থাকায় সারা দেশের অন্যান্য কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনাতেও ২৮ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়।