গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

এ জেড আমিনুজ্জামান রিপন :

( তথ্য ও চিত্র গোপালগঞ্জ জেলাপুলিশ )

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানা ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, গোপালগঞ্জের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। নির্ধারিত গতিসীমা অনুসরণ, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; চালক, যাত্রী ও পথচারীসহ সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মানতে উৎসাহিত করার আহ্বান জানান।