খুলনায় আইজিপির ঘোষণা: চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন, লক্ষ্য জনবান্ধব পুলিশ।

মোঃ আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় আইজিপির ঘোষণা: চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন, লক্ষ্য জনবান্ধব পুলিশ।

চাঁদাবাজি দমনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও উগ্রবাদ দমনের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে এনে মানবিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি চাঁদাবাজি দমনে নতুন আইনি উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আইজিপি বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইনি কাঠামো সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় চাঁদাবাজির ঘটনা ঘটায় অনেক সময় ভুক্তভোগীরা ভয়ে অভিযোগ বা সাক্ষ্য দিতে চান না। নতুন আইনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। পুলিশকে আইনের মধ্যে থেকে অপরাধ দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই।” এ লক্ষ্য অর্জনে জনগণকে পুলিশকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ দর্শন সামনে রেখে অপরাধ মুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদক প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা রোধ, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনার কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। এ ছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় খুলনার অফিসার্স মেস ‘সঞ্চিতা’য় আইজিপিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে কেএমপির একটি চৌকস দল। সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।