
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে সুন্দরবনের কটকা ও কচিখালী অভয়ারণ্য এলাকায় পর্যটকদের ঢল নেমেছে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার—এই তিন দিনে কটকা ও কচিখালী ঘুরে গেছেন প্রায় ৩ হাজার পর্যটক।
সুন্দরবনের মায়াবী চিত্রল হরিণ কাছ থেকে দেখা, বন্যপ্রাণীর অবাধ বিচরণ উপভোগ করা এবং বঙ্গোপসাগর ও সুন্দরবনকে একসঙ্গে অনুভব করতে পর্যটকদের পছন্দের অন্যতম স্থান কটকা ও কচিখালী অভয়ারণ্য। পূজার টানা ছুটিতে উৎসবমুখর হয়ে উঠেছে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো।
সুন্দরবন পূর্ব বন বিভাগের পর্যটন স্পট কটকা অভয়ারণ্য এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান ইমরান মুঠোফোনে জানান, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারে তিন হাজারের বেশি পর্যটক কটকা অফিসপাড়া ও জামতলা সমুদ্রসৈকত ঘুরে দেখেছেন। কটকায় চিত্রল হরিণ, বানর, বন্য শূকর ও মদনটাক পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী কাছ থেকে দেখে পর্যটকেরা আনন্দিত হচ্ছেন বলেও জানান তিনি।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সহসভাপতি মো. মাজহারুল ইসলাম কচি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি পর্যটক সুন্দরবনে যাচ্ছেন। শারদীয় দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশে পর্যটকেরা সুন্দরবনমুখী হয়েছেন। ২০ অক্টোবর থেকে তিন দিন সুন্দরবন ভ্রমণের জন্য টোয়াসের ৭০টি জাহাজে পর্যটকেরা আগাম বুকিং দিয়ে রেখেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, টানা তিন মাস সুন্দরবনে প্রবেশাধিকার বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। সুন্দরবন এখন নতুন রূপে সেজেছে। সেখানে হরিণ, বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতি বেড়েছে। পর্যটকেরা নিয়মিত আসা-যাওয়া করছেন।
তিনি আরও জানান, পর্যটকেরা নৌযানে বসে মাঝেমধ্যে বাঘকে খাল সাঁতরে পার হতে দেখছেন। দুর্গাপূজার ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক সুন্দরবন ভ্রমণে যাচ্ছেন।