
এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ মাদারীপুর :

মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে সেলিম হাওলাদার (ব্যবসায়ী) নামে এক আবাসিক হোটেল মালিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল মেট্রো নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম হাওলাদার। পথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তাঁর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের একটি রেকারের সঙ্গে ধাক্কা খায়। ওই রেকারটি দুর্ঘটনাকবলিত একটি গাড়ি উদ্ধারের কাজে নিয়োজিত ছিল।
এতে প্রাইভেটকারচালক সেলিম হাওলাদার গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, শুক্রবার সকালে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।