কেডিএর প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

কেডিএর প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা।

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার কমিশন থেকে মামলার অনুমোদন দেওয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন—আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান এবং কেডিএর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস ও উপ-সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।
দুদকের অভিযোগ অনুযায়ী, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। তবে প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগে উল্লিখিত অনিয়ম ও দুর্নীতির বিষয় গুলো এখন আইনি প্রক্রিয়ার আওতায় এসেছে।

এদিকে, খুলনা শিপইয়ার্ড সড়ক নির্মাণ প্রকল্পে দীর্ঘ ১৩ বছর ধরে নজিরবিহীন বিলম্বের ঘটনায় সম্প্রতি একনেকের সভায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

দীর্ঘদিন ধরে চলা এ প্রকল্পের বাস্তবায়নে বিলম্ব, অর্থ ব্যয়ের স্বচ্ছতা এবং অনিয়মের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দুদকের এ মামলা প্রকল্পের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের আইনগত ভাবে নির্দোষ হিসেবে গণ্য করার অধিকার রয়েছে।