সুন্দরবনের ৭ জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে, জীববৈচিত্র্য গবেষণায় নতুন মাইলফলক।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সুন্দরবনের ৭ জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে, জীববৈচিত্র্য গবেষণায় নতুন মাইলফলক।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য গবেষণায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। সুন্দরবনের জলসীমায় পাওয়া পাঁচ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকের ডেটাবেজে। এর মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় জলজ প্রাণীর জিনগত বৈচিত্র্য আন্তর্জাতিক গবেষণার পরিসরে আরও সুস্পষ্ট ভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সুন্দরবনের নতুন সাত প্রজাতির ডিএনএ সিকোয়েন্স আন্তর্জাতিক জিন ব্যাংকে অন্তর্ভুক্তির উদ্যোগকে দেশের পরিবেশ ও মৎস্য বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আগামী নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য এক কর্মশালায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীর উপস্থিতিতে গবেষণার ফলাফল বন বিভাগের কাছে হস্তান্তর করবেন গবেষক দল। এরপর সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক জিন ব্যাংকের ডেটাবেজে এসব প্রজাতির ডিএনএ সিকোয়েন্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সুন্দরবনের জলজ সম্পদের মূল্যায়ন শীর্ষক ১৬ মাসব্যাপী বিস্তৃত গবেষণায় এ সাফল্য অর্জিত হয়েছে। বাংলাদেশ সরকারের ‘সুন্দরবন সুরক্ষা প্রকল্প’-এর আওতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ও আরণ্যক ফাউন্ডেশন যৌথভাবে এ গবেষণা পরিচালনা করে। সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গবেষণার প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়।

গবেষক দল ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সুন্দরবনের চারটি রেঞ্জের ৬৫টি নদী ও খালে জরিপ পরিচালনা করে। এ ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে ৪২৪ কিলোমিটার এলাকায় নৌকাযোগে তথ্য সংগ্রহ করা হয়। শ্যামনগর, কয়রা, মোংলা ও শরণখোলার মৎস্য অবতরণ কেন্দ্র থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন গবেষকরা।
গবেষক দলের প্রধান ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. এম এনামুল হক গণমাধ্যমকে বলেন, গবেষণা শেষে পাঁচ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক জিন ব্যাংকে আপলোডের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে বিষয়টি বন বিভাগের আওতাভুক্ত হওয়ায় আগামী নভেম্বর মাসে ঢাকায় প্রকল্পের চূড়ান্ত কর্মশালায় বন ও পরিবেশ মন্ত্রীর উপস্থিতিতে গবেষণার ফলাফল বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে বন বিভাগের মাধ্যমে আন্তর্জাতিক জিন ব্যাংকের ডেটাবেজে এসব প্রজাতির ডিএনএ সিকোয়েন্স অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, এর আগে সুন্দরবনের ১৪১ প্রজাতির মাছের ডিএনএ সিকোয়েন্স আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল কোরিয়ার সহযোগিতায় বন বিভাগের সঙ্গে সমন্বয় করে ওই গবেষণা সম্পন্ন করেন। উপযুক্ত পরিবেশ ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে সুন্দরবনের জলজ সম্পদ আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান গবেষণায় সুন্দরবনের ৩০ প্রজাতির মাছ ও ১১ প্রজাতির খোলসযুক্ত জলজ প্রাণীর ডিএনএ বারকোড তৈরি করা হয়েছে। এর অংশ হিসেবে ৮৩টি মাছের নমুনার ডিএনএ বিশ্লেষণ করে বাংলাদেশের উপকূলীয় জলসীমার জন্য নতুন পাঁচ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়ি শনাক্ত করা হয়। গবেষকদের তথ্য অনুযায়ী, এসব প্রজাতির ডিএনএ সিকোয়েন্স আগে আন্তর্জাতিক জিন ব্যাংকের ডেটাবেজে নথিভুক্ত ছিল না।

নতুন শনাক্ত হওয়া পাঁচ প্রজাতির মাছ হলো বড় আইশ পারশে, ফোটা বাটা, বার্মিজ এক ঠুঁইটা, কুলি বেলে বা চ্যাপ্টা মাথা বেলে এবং সবুজ ফোঁটা বেলে। এ ছাড়া নতুন দুই প্রজাতির চিংড়ি হিসেবে মাকড়সা চিংড়ি ও ফোঁটা চিংড়ি পোকা শনাক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক জিন ব্যাংকে এসব তথ্য অন্তর্ভুক্ত হলে সুন্দরবনের জলজ প্রাণীর জিনগত পরিচয় ও বৈচিত্র্য আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য আরও সহজলভ্য হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এসব প্রজাতি নিয়ে তুলনামূলক ও গভীরতর গবেষণার সুযোগ পাবেন।

গবেষণায় সুন্দরবনের শরণখোলা, সাতক্ষীরা, খুলনা ও চাঁদপাই—এই চারটি রেঞ্জের জলজ সম্পদের অবস্থা, প্রজনন মৌসুম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করা হয়। এতে দেখা গেছে, শরণখোলা রেঞ্জে সবচেয়ে বেশি প্রজাতির বৈচিত্র্য রয়েছে। এ রেঞ্জে ১৬৪ প্রজাতির জলজ প্রাণীর উপস্থিতি নথিবদ্ধ হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়।

তবে অতিরিক্ত মৎস্য আহরণ এবং নদী-খালে বিষ প্রয়োগের মতো অবৈধ কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের প্রাকৃতিক মাছের মজুত হুমকির মুখে পড়ছে। গবেষণার ফলাফলে সুন্দরবনের জলজ সম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষণা অনুযায়ী, সুন্দরবনে ২৫১ প্রজাতির মাছ ও ৫১ প্রজাতির খোলসযুক্ত প্রাণীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আগের গবেষণার ফলাফলের সঙ্গে সমন্বয় করে সুন্দরবনে মোট ৩৮২ প্রজাতির সাদা মাছ এবং ৮৮ প্রজাতির খোলসযুক্ত প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এসব খোলসযুক্ত প্রাণীর মধ্যে রয়েছে চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক, অক্টোপাস ও স্কুইড।
গবেষণায় জীবপ্রজাতি শনাক্ত করার জন্য মরফোলজিক্যাল ও মলিকুলার পদ্ধতির সমন্বয়ে মরফো-মলিকুলার বিশ্লেষণ করা হয়েছে। মরফোলজিক্যাল পদ্ধতিতে জীবের বাহ্যিক গঠন এবং মলিকুলার পদ্ধতিতে ডিএনএ বা জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। এ দুই পদ্ধতির সমন্বয়ে প্রজাতির পরিচয় নির্ভুল ভাবে নির্ধারণের চেষ্টা করা হয়েছে।
এই পদ্ধতিতে ৮৩টি মাছ ও ২৮টি ক্রাস্টাশিয়ান বা খোলসযুক্ত জলজ প্রাণীর নমুনা বিশ্লেষণ করা হয়। এতে ৩০ প্রজাতির মাছ ও ১১ প্রজাতির ক্রাস্টাশিয়ানসহ মোট ৪১টি প্রজাতির ডিএনএ বারকোড সিকোয়েন্স তৈরি করা হয়। আন্তর্জাতিক জিন ব্যাংকের রেফারেন্স সিকোয়েন্সের সঙ্গে এসব নমুনার নিউক্লিওটাইড সিকোয়েন্সের মিল পাওয়া গেছে ৯৮ দশমিক ১৯ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত।

গবেষকদের মতে, এ উদ্যোগের ফলে সুন্দরবন অঞ্চলের জলজ প্রাণীর জিনগত তথ্য আন্তর্জাতিক পর্যায়ে সংরক্ষণের সুযোগ বাড়বে। ভবিষ্যতে প্রজাতি সংরক্ষণ, অবৈধ শিকার ও আহরণ শনাক্তকরণ এবং জলজ বাস্তুতন্ত্র রক্ষায় এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত মাছ আহরণ, পোনা মাছ ধরা এবং ক্ষতিকর বিষ প্রয়োগের কারণে ভেটকি, পোয়া ও পাঙাশের মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমছে। এ পরিস্থিতিতে সুন্দরবনের জলজ সম্পদ টিকিয়ে রাখতে গবেষণা প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে—নির্দিষ্ট কিছু প্রজাতির মাছ আহরণের সীমা নির্ধারণ ও বিদ্যমান নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা, বিষ প্রয়োগ এবং ক্ষতিকর জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রজনন ও প্রাকৃতিক বংশবৃদ্ধির উপযোগী খাল সংরক্ষণ এবং বননির্ভর জনগোষ্ঠীর জন্য দ্রুত বিকল্প জীবিকার ব্যবস্থা করা। খোদিয়াখালী, আঠারোবেকি, আরমাল ও কাগাবোগা খালকে সংরক্ষিত খাল হিসেবে ঘোষণার বিষয়টিও প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে।

সুন্দরবন সুরক্ষা প্রকল্পের পরিচালক ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ নতুন অর্জন সুন্দরবনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। গবেষণার সুপারিশ অনুযায়ী সুন্দরবনের জলজ সম্পদ রক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, সুন্দরবনের মাছের প্রজাতি শনাক্তকরণ এবং জিনগত বৈচিত্র্য সংরক্ষণে গবেষকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। ২০২০ ও ২০২১ সালের দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা সুন্দরবনের জলজ প্রাণীর ওপর একটি বড় গবেষণা পরিচালনা করেন। ওই গবেষণায় মাছ, কাঁকড়া, শামুক ও ঝিনুকসহ বিভিন্ন জলজ প্রাণী শনাক্ত করতে ডিএনএ বারকোডিং পদ্ধতি ব্যবহার করা হয়।

সেই গবেষণার অংশ হিসেবে সুন্দরবনের লোনা ও আধা-লোনা পানির প্রায় ১২০টি জেনেরা এবং ৬৫টি বিভিন্ন জলজ প্রাণীর মোট ১৮৫টি মাইটোকন্ড্রিয়াল সিকোয়েন্স ও ৫৯টি আরএনএ সিকোয়েন্সের তথ্য আন্তর্জাতিক জিন ব্যাংকে জমা দেওয়া হয়।
নতুন গবেষণার ফলাফল আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হলে সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য সম্পর্কে বৈজ্ঞানিক তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যানগ্রোভ বনাঞ্চলের জলজ সম্পদ সংরক্ষণ, গবেষণা ও টেকসই ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।