বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল, পাঁচ বছরেও নির্মাণ হয়নি সেতু।

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা, বাগেরহাট :

বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুল, পাঁচ বছরেও নির্মাণ হয়নি সেতু।

একসঙ্গে বেশি মানুষ উঠলেই দুলতে থাকে কাঠের পুলটি। নড়বড়ে অবকাঠামোটি অতিরিক্ত চাপে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এ আশঙ্কায় দুই পাড়ে অপেক্ষা করতে হয় শত শত মানুষকে। নতুন সেতু নির্মাণ না হওয়ায় পাঁচ বছর ধরে এভাবেই দুর্ভোগ পোহাচ্ছেন বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নের বাসিন্দারা।

সুন্দরবন-সংলগ্ন শরণখোলা উপজেলার প্রধান শহর রায়েন্দা বাজার। এ শহরের পাশ দিয়ে বয়ে চলা রায়েন্দা খালের ওপর একসময় ছিল একটি আরসিসি সেতু। পুরোনো সেই সেতুটি ২০২১ সালের ১৭ আগস্ট সকালে হঠাৎ খালে ধসে পড়ে। এতে সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ। এরপর মানুষের চলাচল স্বাভাবিক রাখতে কিছুটা দূরে দুই ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় অস্থায়ী কাঠের পুল। সময়ের ব্যবধানে সেই কাঠের পুলটিও এখন নড়বড়ে হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পুল দিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। কবে নির্মিত হবে নতুন সেতু—এমন প্রশ্ন ও শঙ্কা এখন সবার।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, পুরোনো সেতুটি ভেঙে যাওয়ার পর একই স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশ্বব্যাংকের অর্থায়নে গ্রামীণ সহায়তা সেতু প্রকল্পের আওতায় ৭৪ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ১১ কোটি টাকা। মাটি পরীক্ষা, নকশা প্রণয়নসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে ২০২৫ সালের জুন মাসের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে সরকার পরিবর্তন হওয়ায় সব কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে রায়েন্দা খালের এই সেতু প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি।

সরেজমিনে দেখা যায়, বিশাল কাঠের পুলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নোনা পানিতে ক্ষয় হয়ে এর রেলিং ও অন্যান্য কাঠামো দুর্বল হয়ে পড়েছে। একসঙ্গে বেশি মানুষ উঠলে দোলনার মতো দুলতে থাকে পুলটি। এটিও যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ আশঙ্কায় পুলের মাঝ বরাবর দুই পাশে নারকেলগাছ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু রোদ-বৃষ্টিতে পচন ধরে সেগুলোও ভেঙে গেছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই পুল পার হয়ে চলাচল করছেন মানুষ।

খালের দক্ষিণ পাড়ে উপজেলা সদরের প্রাণকেন্দ্র রায়েন্দা বাজার। এ বাজারে রয়েছে দুই সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া এই পাড়ে রয়েছে সরকারি হাসপাতাল, থানা, পোস্ট অফিস, সরকারি-বেসরকারি ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটি ব্যাংকসহ অসংখ্য বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে, খালের উত্তর পাড়ে রয়েছে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ, একটি ফাজিল মাদরাসা, তিনটি বরফকল, একটি মৎস্য অবতরণকেন্দ্রসহ দুই শতাধিক দোকানপাট। ঝুঁকিপূর্ণ এই কাঠের পুলটিই এখন দুই ইউনিয়নের এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলের ওপর উঠলেই সেটি কাঁপতে থাকে। বেশি লোকজন দেখলে এক পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাঁদের। বর্ষা মৌসুমে পুলটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কাদা-পানিতে কাঠের পাটাতন পিচ্ছিল হয়ে যাওয়ায় হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ে। সব সময় আতঙ্ক নিয়ে পুল পার হতে হয় তাঁদের। তাই দ্রুত এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

রায়েন্দা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম, সরোয়ার হোসেন ও খোকন শিকদারসহ স্থানীয় অনেক ব্যবসায়ী বলেন, কাঠের পুলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারী মালামাল নিয়ে এই পুল পার হওয়া যায় না। তাঁরা বলেন, প্রায় এক বছর আগে শুনেছিলেন, এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হবে। সেতু হবে—এমন আশ্বাসের মধ্যেই পাঁচ বছর পার হতে চলেছে। কিন্তু এখন পর্যন্ত নির্মাণকাজ শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকার সামগ্রিক উন্নয়ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রায়েন্দা খালের ওপর জরুরি ভিত্তিতে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

শরণখোলার রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী ও রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, কাঠের পুলটির অবস্থা খুবই নাজুক। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে এই পুল দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এখানে পাকা সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে শরণখোলা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, তৎকালীন কিছু জটিলতার কারণে সেতু প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। একপর্যায়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়। বিষয়টি তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সম্প্রতি আবারও এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রকল্পটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তবে বরাদ্দ না পাওয়া পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।