মুকসুদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা।

মো. মিঠুন হাসান জাকারিয়া স্টাফ রিপোর্টার :

মুকসুদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

সিসিটিভি নজরদারি, যানজট নিরসন ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রোববার (১৮ অক্টোবর) গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, যানজট নিরসন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন।

গোপালগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।