নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিবেদক :

নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার।

বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় রাইয়ানকে ওরা নিয়ে বস্তাবন্ধি করে পানিতে ফেলে দেয়। 

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়িসংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তাঁর শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়ু-মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে তাঁদের ঘরের ভেতর তাঁর স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে দেখতে পান। এরপর তিনি পুনরায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়।

পারিবারিক বিরোধের জেরে আলআমিন শিশু রাইয়ানকে হত্যা করেছেন বলে দাবি করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন রুমানা বেগম। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আলআমিনকে গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।