
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে তাঁর কার্যালয়ে তল্লাশি চালানোর পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
খুলনা ওয়াসার ২ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদে দায়িত্ব পেতে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের তৎপরতার মধ্যে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন সংক্রান্ত চারটি চেকের ফটোকপি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এসব চেকের তথ্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় তৎপর হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের খুলনা শাখার চারটি চেকের ফটোকপিতে দুটি চেকে ২৪ কোটি টাকা করে মোট ৪৮ কোটি টাকা এবং অপর দুটি চেকে ২৩ কোটি টাকা করে মোট ৪৬ কোটি টাকা উল্লেখ রয়েছে। সব মিলিয়ে চারটি চেকে ৯৪ কোটি টাকার অঙ্ক দেখা যায়।
ব্যাংক চেক গুলোর ফটোকপিতে কোনো প্রাপকের নাম কিংবা তারিখ উল্লেখ নেই বলে জানা গেছে। তবে জনৈক নাহিদুল ইসলাম একটি চেকের ফটোকপিতে ‘বুঝিয়া পাইলাম’ লিখে স্বাক্ষর করেছেন বলে দাবি করা হচ্ছে। চেকগুলো কার সঙ্গে, কী উদ্দেশ্যে এবং কোন প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল, কিংবা এর বিপরীতে প্রকৃত পক্ষে অর্থ লেনদেন হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে খুলনা ওয়াসার গ্রাহকদের পাঁচ হাজার গৃহসংযোগে পাইপ ও ফিটিংস স্থাপনের কাজের চূড়ান্ত বিলে একই সংযোগের বিপরীতে দ্বিতীয়বার বিল জমা দেওয়ার অভিযোগ ওঠে রেজাউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
অন্যদিকে, খুলনা ওয়াসার ২ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদে দায়িত্ব পেতে রেজাউল ইসলাম বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও তৎপরতা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে পিডি পদে দায়িত্ব পাওয়ার চেষ্টা, চারটি চেকে উল্লেখিত অর্থ এবং তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন। তিনি শোকজের যথাযথ জবাব দেবেন বলেও জানিয়েছেন।
চেকগুলোর প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, অর্থের লেনদেন এবং গৃহসংযোগের বিল সংক্রান্ত অভিযোগ যাচাই করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুদকের অনুসন্ধান শেষে এসব বিষয়ে প্রকৃত তথ্য জানা যেতে পারে।