খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, রাতে একা চলাচলে সদস্যদের ওপর নিষেধাজ্ঞা।

মোঃ আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, রাতে একা চলাচলে সদস্যদের ওপর নিষেধাজ্ঞা।

খুলনায় পুলিশ পরিদর্শকের উপর হামলার ঘটনায় হতাশ সাধারণ মানুষ, যেখানে পুলিশ পরিদর্শক নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের স্থান কোথায়। প্রশ্ন খুলনা বাসীর।

খুলনা নগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে পুলিশের এক পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা পত্রে বলা হয়েছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে পুলিশ সদস্যদের একা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিট প্রধানদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর ধারালো চাপাতি দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, রাতে একা চলাচলে সদস্যদের ওপর নিষেধাজ্ঞা।

এদিকে, পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদার এবং রাতের দায়িত্ব পালনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন।