
ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

এক গৃহবধূ স্বামীর ছুরিকাঘাতে নিহত। নির্মাণাধীন ভবনের ছাদে প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ, ভাড়া বাসায় পোশাক শ্রমিকের লাশ—দুই হত্যাকাণ্ডের রহস্যে উদঘাটনে পুলিশের একাধিক টিম।
ঢাকার আশুলিয়ায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। তিন ঘটনার মধ্যে এক গৃহবধূকে পরকীয়ার সন্দেহে স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। অপর দুই ঘটনায় একজন প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে এবং এক নারী পোশাক শ্রমিকের মরদেহ ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম পৃথক তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়া ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকার হাজী খালেকের বাড়িতে আখি আক্তার (২৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আখি আক্তারের ঘাতক স্বামী জাহিদ হাসানকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্বামী জাহিদ হাসানের সঙ্গে আখির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদ ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের খাটের ওপর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত আখি আক্তার শেরপুরের ঝিনাইগাতী থানার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামের আবেদ আলীর মেয়ে। আটক জাহিদ হাসান একই জেলার নালিতাবাড়ী থানার সিটপাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি মরিচকাটা এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে রোকসানা বেগম (৪০) নামে এক নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
রোকসানা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার দুবাইপ্রবাসী মকবুল হোসেনের স্ত্রী। প্রায় দুই মাস ধরে তিনি মরিচকাটা এলাকায় নিজেদের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ছেলে আলিফ ও মেয়ে মীমকে নিয়ে বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় ভবনের ছাদে পানির ট্যাংক দেখতে যাওয়ার পর রোকসানা আর নিচে ফিরে আসেননি। দীর্ঘ সময় পর স্বজনরা তাকে খুঁজতে ছাদে গেলে সেখানে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানার এসআই নূর আমিন জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, আর্থিক লেনদেন কিংবা পরকীয়াসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এরও আগে বুধবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়ার পাগলাবাজার সংলগ্ন এলাকায় দেলোয়ার হোসেন দেওয়ানের ভাড়া বাড়ি থেকে তানিয়া খাতুন নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, তানিয়া পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ওই বাড়িতে একাই ভাড়া থাকতেন। বুধবার তার কক্ষের বিছানার ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন এবং শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত তানিয়া খাতুন সাতক্ষীরা সদর থানার বাগডাঙ্গা এলাকার মিজানুর রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
মাত্র এক দিনের ব্যবধানে আশুলিয়ার পৃথক তিন এলাকায় তিন নারীর মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যদিও এখন পর্যন্ত তিন ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি, তবুও একই সময়ে পরপর তিন নারীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে রোকসানা বেগমের বিবস্ত্র মরদেহ নির্মাণাধীন ভবনের ছাদে পাওয়া এবং তানিয়া খাতুনের গলায় আঘাত ও শ্বাসরোধের আলামত থাকায় দুটি ঘটনাই রহস্যের জন্ম দিয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এসব ঘটনার পেছনে একই ব্যক্তি বা চক্র জড়িত—এমন কোনো তথ্য পুলিশ নিশ্চিত করেনি।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। অন্য দুটি ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনটি মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্য রহস্য স্পষ্ট হবে।