গোপালগঞ্জে অস্তিত্ব সংকটে ৭২টি শাখা ডাকঘর।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে অস্তিত্ব সংকটে ৭২টি শাখা ডাকঘর।
গোপালগঞ্জে সদর মানিহার শাখা ডাকঘর।

নিজস্ব ভবন বা পর্যাপ্ত অবকাঠামো না থাকা, নামমাত্র সম্মানী ভাতা ও জনবল সংকটের কারণে গোপালগঞ্জে অস্তিত্ব সংকটে পড়েছে ৭২টি শাখা ডাকঘর।

গোপালগঞ্জের প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, এটি একটি প্রথম শ্রেণির (এ গ্রেডেড) ডাকঘর। এই ডাকঘরের অধীনে কোটালীপাড়া উপজেলা ডাকঘর, পাঁচটি উপ-ডাকঘর ও ৭২টি ব্রাঞ্চ ডাকঘর রয়েছে। ডিজিটালাইজেশনের ফলে ডাকঘরের মাধ্যমে বর্তমানে ব্যক্তিগত পত্র যোগাযোগ হ্রাস পেলেও বেড়েছে অন্যান্য গুণগত সেবার ব্যাপ্তি। প্রধান ডাকঘর, উপ-ডাকঘর এমনকি ব্রাঞ্চ ডাকঘর থেকেও সাধারণ মানুষকে এসব সেবা দেওয়া হয় প্রতিনিয়ত। বৈচিত্র এসেছে ডাকসেবায়।

বর্তমানে অফিসিয়াল চিঠি, রাজস্ব স্ট্যাম্প, মানি অর্ডার, আদালতের নোটিশ, আরইবি’র নোটিশ, চাকরির নিয়োগপত্র, তালাকের নোটিশ, ডাক জীবন বীমা, ইএমটিএস ও সঞ্চয়পত্র ক্রয়সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। দেশের যেকোনো অঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ পণ্য ব্যতীত যেকোনো পণ্য, এমনকি চাল, ডাল, মাছ, মাংস, ফ্রোজেন ফুড সাশ্রয়ী মূল্যে গ্রাহকের হাতে পৌঁছে দিচ্ছে স্পিড পোস্ট সেবা। এছাড়া নিজস্ব থার্মাল বক্সের মাধ্যমে রান্না করা খাবার দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছে ডাকঘর। গ্রাহকদের গুণগত সেবা প্রদানের ক্ষেত্রে শাখা ডাকঘরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাখা পর্যায়ের ডাকঘরগুলোর নানান সীমাবদ্ধতার কারণে সব সময় গ্রাহকদের প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার, বেদগ্রাম ও ভেড়ার বাজার শাখা ডাকঘর পরিদর্শন করে দেখা যায়, মানিকহাট বাজারের একটি ফার্মেসির মধ্যে জীর্ণশীর্ণ ঘরে স্টুডিওর ব্যবসার পাশাপাশি চিঠি বিলির কাজ করছেন মানিকহার শাখা ডাকঘরের ইডিএ বেলাল হোসেন। ডাকঘরের মূল কার্যক্রম চলে ইডিএ মাহমুদ খানের বাড়িতে। মাহমুদ খানের পিতা মুজিবুর রহমান খানও এ পদে কাজ করতেন। পিতার মৃত্যুর পর থেকে এ দায়িত্ব পালন করছেন মাহমুদ খান।

শাখা ডাকঘরের কর্মচারীদের প্রতিদিন মোট চার ঘণ্টা কাজ করতে হয়। তাই ইডিএ মাহমুদ খান তাঁর দায়িত্ব পালন করে গোপালগঞ্জ শহরে নিজের কাপড়ের দোকানে চলে গেছেন। আর ইডিএমসি সুকেশ সিকদার শহরে একটি গার্মেন্টসের দোকানের কর্মচারী। তাঁকেও কর্মস্থলে পাওয়া যায়নি।

শহরের বেদগ্রাম কবরস্থান মোড়ে একটি জীর্ণশীর্ণ কক্ষে অফিস করছেন শাখা ডাকঘরের ইডিএ মো. আলামিন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কবরস্থান মসজিদে ইমামতি করেন। ওই অফিসে গিয়ে সাক্ষাৎ মেলে পোস্টম্যান (ইডিএমসি) মোরশেদুল আলমের সঙ্গে।

মো. আলামিনের সঙ্গে যুগান্তর প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, ‘আমাদের শাখায় প্রতিদিন গড়ে ৩০টি বিলি করতে হয়। মানি অর্ডার, রাজস্ব টিকিট বিক্রি ও স্পিড পোস্ট সেবা দিয়ে থাকি। দ্রব্যমূল্যের বাজারে সামান্য সম্মানী ভাতায় জীবন চালানো খুব কঠিন। সন্তান-সন্ততি নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমাদের নিজস্ব কোনো ভবন না থাকায় একটি জীর্ণশীর্ণ কক্ষে প্রচণ্ড গরমের মধ্যে বসে অনেক কষ্টে কার্যক্রম চালাতে হয়। এরপর রয়েছে জনবল সংকট। বেতন-ভাতা বৃদ্ধি অথবা ন্যূনতম বেতন কাঠামোর আওতায় তাদের চাকরি অন্তর্ভুক্ত করা হলে প্রান্তিক পর্যায়ে গুণগত ডাকসেবা দেওয়া সম্ভব হতো।’

হরিদাসপুর ইউনিয়ন পরিষদ অফিসের দোতলায় এক কক্ষে পরিচালিত হচ্ছে আরেকটি শাখা ডাকঘর। প্রতিবেদক ওই ডাকঘরটি পরিদর্শনে গিয়ে বন্ধ দেখতে পান।

স্থানীয় সচেতন মহল ও গ্রাহকদের দাবি, গ্রামীণ ডাকসেবা কার্যকর রাখা ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এসব শাখা ডাকঘরের নিজস্ব ভবন নির্মাণ, ডিজিটাল সরঞ্জাম সরবরাহ, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তৃণমূল পর্যায়ের ডাকসেবা কর্মীদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করা জরুরি। অন্যথায় গ্রামীণ ডাকব্যবস্থা মাথা তুলে দাঁড়াতে পারবে না।

গোপালগঞ্জে অস্তিত্ব সংকটে ৭২টি শাখা ডাকঘর।

গোপালগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. সামস গোলাম হোসেন বলেন, ‘প্রান্তিক পর্যায়ে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের গুণগত সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেবাসমূহ সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জেলা শহরে বর্ণাঢ্য একটি র‍্যালির উদ্যোগ নিয়েছি। প্রান্তিক পর্যায়ে কর্মরত ডাককর্মীদের সমস্যার সমাধানে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’