
এ জেড আমিনুজ্জামান রিপন :

ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষার্থীদের বরণ, দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান এবং ফুল দিয়ে বরণ করেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ-২০২৬। ফুলেল শুভেচ্ছা, আনন্দ-উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন নবীন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্মুক্ত মঞ্চে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক-উজ্জামান।
বিশেষ অতিথিদের বক্তব্যেও নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ অর্জনের জায়গা নয়; জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনেরও অন্যতম প্রধান ক্ষেত্র। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
নবীন বরণকে ঘিরে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নতুন বন্ধু, নতুন পরিবেশ ও নতুন স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিনটি উপভোগ করেন তাঁরা।

নবীন শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও প্রতিভা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে চান তাঁরা। নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিশ্ববিদ্যালয়জীবনের পথচলা আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠেছে।