মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের অভিযোগে নারীর সংবাদ সম্মেলন।

ফরহান লাবিব, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ প্রতিবেদক :

মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের অভিযোগে দেবরের বিরুদ্ধে ভাবির সংবাদ সম্মেলন।
মিথ্যা মামলায় ফাঁসানো, জমি দখল, গাছপালা জোরপূর্বক বিক্রি, জাল–জালিয়াতি ও হুমকির অভিযোগ তুলে দেবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৪০ বছর বয়সী ভুক্তভোগী নারী সালমা আক্তার।

বৃহস্পতিবার ৮ই অক্টোবর দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে
এসব অভিযোগ আনেন তিনি। ভুক্তভোগী নারী টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের মুন্সি আতাউর রহমান খোকন এর স্ত্রী ও কাওসার লস্কার এর মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা আক্তার জানান, পূর্ব শত্রুতার জেরে আমার স্বামী আতাউর রহমান কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিবাদী একটি সুযোগ তৈরি করে। আমার স্বামী বর্তমান কারাগারে থাকায় এক‌ই এলাকার মৃত হাফিজুর রহমান মুন্সির ছেলে (সম্পর্কে চাচাত দেবর) মানিক মুন্সি (৪২) জোর পূর্বক আমাদের বাড়িতে থাকা ফলন্ত কয়েকটি বিরাটাকার আমগাছ বিক্রি করে দেয়। আমি খবর পেয়ে সেখানে ছুটে গেলে মানিক মুন্সি আমাকে অকাট্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি প্রদান করে।পরে আমি টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ করা হয়। কিন্তু পরবর্তীতে আইন অমান্য করে মানিক মুন্সি পুনরায় সেই গাছ কাটে।

তিনি বলেন, মানিক মুন্সি একজন মাদকাসক্ত এবং গোপালগঞ্জের আলোচিত বিএনপি নেতা দিদার হত্যা মামলার অন্যতম আসামি। সে হত্যা মামলায় জেল খেটে বের হয়েই পূর্ব শত্রুতার জেরে আমার স্বামীর অনুপস্থিতিতে আমাদের সাথে এমন জুলুম করে আসছে। আমি আশংকায় আছি যে, মানিক মুন্সি যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে।

তিনি অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার থানা–পুলিশকে অবহিত করা হলেও এমন কি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়েও এখনও পর্যন্ত সঠিক বিচার পাননি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সালমা আক্তার প্রধানমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানান।