
এ জেড আমিনুজ্জামান রিপন :

মিরপুরসহ সিটি করপোরেশনর বিভিন্ন এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের পর বদলেছে সড়কের চিত্র।
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় রাস্তার দুপাশের ফুটপাত দখলমুক্ত করায় স্বস্তি ফিরেছে পথচারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে হকার, দোকানের পসরা, অবৈধ স্থাপনা ও নানা ধরনের ব্যবসায়িক সামগ্রীতে দখল হয়ে থাকা ফুটপাতগুলো এখন অনেকটাই পথচারীবান্ধব হয়ে উঠেছে।
আগে ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ না থাকায় বাধ্য হয়ে পথচারীদের মূল সড়কে নেমে চলাচল করতে হতো। এতে একদিকে যেমন যানজট বাড়ত, অন্যদিকে পথচারীদের দুর্ঘটনার ঝুঁকিও ছিল বেশি। বিশেষ করে ব্যস্ত সড়ক ও বাজারসংলগ্ন এলাকায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ।
সম্প্রতি বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফুটপাত উন্মুক্ত করা হয়। কোথাও কোথাও দখলদারদের সতর্ক করার পাশাপাশি পুনরায় ফুটপাত দখল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুটপাত উন্মুক্ত হওয়ায় এখন পথচারীরা নির্বিঘ্নে হাঁটতে পারছেন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলেও এসেছে স্বস্তি। পাশাপাশি সড়কের ওপর পথচারীদের চাপ কমায় যানবাহন চলাচলেও কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে মনে করছেন স্থানীয়রা।

মিরপুরের এক পথচারী বলেন, আগে ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় ছিল না। দোকানের মালামাল ও অস্থায়ী দোকানের কারণে সড়কে নেমে হাঁটতে হতো। এখন ফুটপাত খালি থাকায় নিরাপদে হাঁটা যাচ্ছে।
তবে স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান চালালেই হবে না; ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন। অভিযান শেষ হওয়ার পর আবার যাতে দখলদাররা ফিরে আসতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নিতে হবে।
নগরবাসীর প্রত্যাশা, রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য সিটি করপোরেশন এলাকাতেও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম আরও জোরদার করা হবে।

ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হলে নগরের যানজট কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমবে।