আজ বিশ্ব প্রবীণ দিবস।

ক্রাইম নিউজ প্রতিবেদক :

আজ বিশ্ব প্রবীণ দিবস।

 

অবশেষে গীতা রাণীর ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে।

চোখের কোনে জমে থাকা এক ফোঁটা জল আর বৃদ্ধাশ্রমের জানালার পাশে বসে বাইরের অন্তহীন আকাশের দিকে নিষ্পলক চেয়ে থাকা এক নারী, গীতা রাণী কর্মকার।
নিয়তির কী নির্মম পরিহাস! এক সময় যে হাত দিয়ে বইয়ের পাতা উলটে ছেলে-মেয়েদের পাঠদান করতেন, নিজের সাজানো সংসার আর আদরের একমাত্র মেয়েকে নিয়ে স্বপ্ন বুনতেন, আজ সেই মানুষটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে বৃদ্ধাশ্রমের একটি জীর্ণ কক্ষে বসবাস করছেন।
বরগুনা জেলার বেতাগী গ্রামের কার্তিক চন্দ্র কর্মকারের স্ত্রী গীতা রানী কর্মকার। কার্তিক চন্দ্র পেশায় একজন স্বর্ণকার ছিলেন। গীতা রাণী ও কার্তিক দম্পতির সংসারটি একসময় ছিল সুখের ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাস গীতা রানী গৃহকোণে বসে থাকেননি। টিউশনি করে স্বামীর উপার্জনের পাশাপাশি সংসারে ফিরিয়ে এনেছিলেন স্বাচ্ছন্দ্য। প্রকৃতির নিষ্ঠুর গ্রাসে বেতালি গ্রামে স্বামীর বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায় বিষখালি নদীর ভাঙনে। মাথার উপরের ছাদ টুকু যখন হারাতে বসেছে পরিবারটি তখনই গীতা রাণীর জীবনে আঘাত আনলো আরো বড়ো শোক।
দেড় বছর আগে স্বামী কার্তিক চন্দ্রের অকাল মৃত্যুতে গীতা রাণীর জীবনে দুর্দশার কালো মেঘ ঘনীভূত হয়। পক্ষাঘাতগ্রস্ত হয়ে তার শরীর অচল ও নিস্তেজ হয়ে গেল। চলত শক্তিহীন মানুষটির পাশে দাঁড়ানোর মতো আর কেউ অবশিষ্ট রইল না।
কয়েক বছর আগে আদরের একমাত্র মেয়ে টিয়া রানী কর্মকারকে পার্শ্ববর্তী বরিশাল জেলার উজিরপুরের উজ্জ্বল কর্মকারের সাথে বিয়ে দেন।
উজ্জ্বল কর্মকার উজিরপুরের
ধামুলা বাজারে স্বর্ণকারের কাজ করেন। শেষ অবধি অসহায় ও অচল হয়ে পড়ে থাকা শাশুড়িকে একা ফেলে রাখতে পারেননি জামাতা উজ্জ্বল কর্মকার। তার সহযোগিতায় গীতা রাণীর ঠাঁই হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর গ্রামে বিশ্ব মানব সেবা সংঘ পরিচালিত বৃদ্ধাশ্রমে। এরমধ্যে সেখানে এক বছর কেটে গেল গীতা রাণীর।
বুধবার দুপুরে বৃদ্ধাশ্রম পরিদর্শনে গিয়ে চোখে পড়ে, বৃদ্ধাশ্রমের কক্ষের একটি জানালার পাশে বসে আনমনে কী যেন ভাবছেন গীতা রানী। যুগান্তরের সাথে এ সময় গীতা রানীর কথোপকথনের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে ছলছল চোখে তিনি বলেন, বেশ ভালইতো ছিলাম। আমার জীবনটা কেন এমন হলো?
কষ্ট আর যন্ত্রণা থেকে বিধাতা কি আমাকে মুক্তি দেবেন না? একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে গীতা রানী আবার তার জীবনের গল্প বলা শুরু করেন।
তিনি বলেন, শরীরটা যদি সুস্থ থাকতো, তবে টিউশনি করে নিজের ভাত নিজেই জোগাড় করে খেতে পারতাম। কারো বোঝা হয়ে থাকতে হতো না।
বয়সের পড়ন্ত বেলায় এই বৃদ্ধাশ্রমই তার পৃথিবী। এখানকার মলিন দেওয়ালে আটকে থাকা রুটিনে তার দিন কাটে ধর্মীয় সংগীত শুনে, অপরচুঙ্গীদের সাথে মনের কথা ভাগ করে আর টেলিভিশন পর্দায় চোখ রেখে।
মাঝেমধ্যে গীতা রাণীর মেয়ে ও জামাতা মোবাইল ফোনে খোঁজখবর নেন। কিন্তু ব্যস্ততা ও সময়ের অভাবে তারা দেখা করতে পারেন না। তবে এ নিয়ে কোনো অভিমান নেই গীতা রাণী কর্মকারের।