
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ শিপুল শেখ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই অভিযানের ধারাবাহিকতায় মাদক মামলার আসামি মিন্টু শিকদারকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এর অংশ হিসেবে গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল।
অভিযানে ওই এলাকার মিরাজ আলী শিকদারের নির্মাণাধীন বসতঘরের নিচতলা থেকে শিপুল শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া একই দিন সদর উপজেলার মানিকদহ এলাকায় অভিযান চালিয়ে মিন্টু শিকদারকে গ্রেপ্তার করে ডিবি। তিনি গোপালগঞ্জ সদর থানার ১৯ আগস্ট ২০২৬ তারিখের মামলা নম্বর-৪২-এর আসামি। ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ), ৪০ ও ৩৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিন্টু শিকদারের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে।
ডিবি জানিয়েছে, গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।