বঙ্গোপসাগরে হাঙ্গরের বাচ্চা নিধন, বন্ধ হচ্ছে না শিকার।

মোহাম্মদ রুমী শরী, কুয়াকাটা, পটুয়াখালী :

বঙ্গোপসাগরে হাঙ্গরের বাচ্চা নিধন, বন্ধ হচ্ছে না শিকার।
সংরক্ষণ উদ্যোগের মধ্যেও মহিপুর-আলিপুরে মিলছে বিপুলসংখ্যক ছোট হাঙ্গর
বঙ্গোপসাগরে হাঙ্গর ও শাপলাপাতা মাছ সংরক্ষণে সরকারি আইন ও নানা উদ্যোগ থাকলেও উপকূলীয় মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ছোট আকারের হাঙ্গর ধরা ও বেচাকেনার অভিযোগ উঠছে। সম্প্রতি মহিপুর ও আলিপুর মৎস্যবন্দরের একটি ছবিতে বিপুলসংখ্যক ছোট হাঙ্গরসহ সামুদ্রিক মাছের স্তূপ দেখা গেছে। এতে হাঙ্গর সংরক্ষণ কার্যক্রমের বাস্তব প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রজননক্ষম হওয়ার আগেই ছোট বা জুভেনাইল হাঙ্গর ধরা পড়লে সামুদ্রিক জীববৈচিত্র্য ও হাঙ্গরের স্বাভাবিক প্রজনন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। বাংলাদেশে হাঙ্গর ও শাপলাপাতা মাছ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য National Plan of Action for Conservation and Management of Sharks and Rays (NPOA-Sharks) রয়েছে। মৎস্য অধিদপ্তরের নথিতেও হাঙ্গর সাধারণত লক্ষ্য করে নয়, বিভিন্ন ধরনের জালে বাই-ক্যাচ হিসেবে ধরা পড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
গবেষণা ও সংরক্ষণ-সংক্রান্ত নথিতে ছোট আকারের হাঙ্গর ও রে মাছের উপস্থিতি এবং বিপুলসংখ্যক কিশোর বা জুভেনাইল হাঙ্গর ধরা পড়ার বিষয় উঠে এসেছে। ফলে সমুদ্রে হাঙ্গরের বাচ্চা ধরা পড়া এবং তা অবতরণকেন্দ্রে এনে বেচাকেনার অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে।
২০২১ সালে বাংলাদেশ সরকার হাঙ্গর ও রে মাছের বেশ কিছু প্রজাতি ও গোষ্ঠীকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সুরক্ষার ব্যবস্থা করে। পাশাপাশি সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় নির্দিষ্ট সময় সমুদ্রে মাছ আহরণ নিষিদ্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয়। ২০২৬ সালে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রসীমায় সব ধরনের মাছ আহরণ বন্ধ রাখা হয়েছিল।
তবে আইন, নিষেধাজ্ঞা ও সংরক্ষণ পরিকল্পনা থাকা সত্ত্বেও যদি উপকূলীয় মৎস্যবন্দরগুলোতে বিপুলসংখ্যক ছোট হাঙ্গর ওঠে, তাহলে প্রশ্ন থেকেই যায়—এসব হাঙ্গর কীভাবে ধরা পড়ছে, কারা ধরছে, কোথায় যাচ্ছে এবং বাজারজাত করণে নজরদারি কতটা কার্যকর।
পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সমুদ্রে মাছ ধরার নৌযান থেকে শুরু করে মৎস্য অবতরণকেন্দ্র পর্যন্ত কার্যকর নজরদারি প্রয়োজন। বিশেষ করে জালে ছোট হাঙ্গর বা জুভেনাইল হাঙ্গর ধরা পড়লে তা দ্রুত সমুদ্রে ফিরিয়ে দেওয়ার বিষয়ে জেলেদের সচেতনতা ও বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
তাদের দাবি, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বিত নজরদারি বাড়িয়ে হাঙ্গরের অবৈধ শিকার ও বেচাকেনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সম্প্রতি পাওয়া ছবিটি উপকূলীয় মৎস্যবন্দর মহিপুর ও আলিপুর এলাকায় ছোট হাঙ্গর ধরা ও স্তূপ করে রাখার চিত্র হিসেবে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। ছবিটির স্থান, সময় ও মাছের প্রজাতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।