
এইচ এম আওলাদ, কোটালীপাড়া, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল থেকে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি রাজপথে থাকবে। অন্যায়কারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোলেমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা প্রস্তাবিত কমিটির সায়েদুর রহমান ও আবুল বশার বাচ্চু।
এ ছাড়া আমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।