মায়ের আইফোন নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না অপ্রতীমের, লালমাই পাহাড়ে মিলল মরদেহ।

মাল্টিমিডিয়া প্রতিবেদক, ক্রাইম নিউজ :

মায়ের আইফোন নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না অপ্রতীমের, লালমাই পাহাড়ে মিলল মরদেহ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন লালমাই পাহাড় এলাকা থেকে নিখোঁজের একদিন পর ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের ব্যবহৃত একটি আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতীম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা গেছে এ তথ্য।

স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতিতে ফোনটির অবস্থান শনাক্ত করা যায়। এর কিছুক্ষণ পরই ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অপ্রতীমের সন্ধান পাননি।

একপর্যায়ে অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানান্দা অংশের একটি ঝোপঝাড়ের ভেতর অপ্রতীমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর তার নিখোঁজ হওয়া এবং পরদিন পাহাড়ি এলাকায় মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। আইফোনটি বর্তমানে কোথায় রয়েছে এবং নিখোঁজ হওয়ার পর অপ্রতীমের সঙ্গে কী ঘটেছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে।

অপ্রতীমের এমন মর্মান্তিক মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবার, সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা।

তাদের দাবি, কিশোরটির মৃত্যুর পেছনে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনা হোক।