
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার পথে যেকোনো অন্তরায় দূর করা হবে। জনগণের সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করা হয়েছে। বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী।
তিনি বলেন, বিগত সরকারের তৈরি করা বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে।
সাইবার নিরাপত্তা প্রসঙ্গে আইন মন্ত্রী বলেন, সরকার সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন করতে যাচ্ছে। একই সঙ্গে এখন থেকে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে।
সরকারের সমালোচনার বিষয়ে তিনি বলেন, কোনো বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করা উচিত। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক খুলনা মিজ হুরে জান্নাত।
মতবিনিময় সভায় খুলনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং খুলনার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।