
আবিদুর রহমান নাহিয়ান :

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাকসুদা (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মুকসুদপুর সদর থানা এলাকার টেকেরহাট উত্তরপাড় বাজারে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাকসুদা মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামের মৃত আমির কাজীর মেয়ে এবং আবু বক্করের স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাকসুদাকে আটক করে তার কাছ থেকে চারটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাক উদ্ধার করা হয়। প্রতিটি পলিপ্যাকে ২০০টি করে মোট ৮০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৮০ গ্রাম, যা ডিজিটাল পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার মাকসুদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।