
মোহাম্মদ রুমী শরীফ, কুয়াকাটা, পটুয়াখালী :

পটুয়াখালীর কুয়াকাটায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘ ৩১ বছর ধরে ভোগদখলে থাকা একটি বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোরও অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুয়াকাটার মুছল্লিয়াবাদ এলাকার স্থায়ী বাসিন্দা ভুক্তভোগী মো. সেলিম মুন্সী এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এ সময় তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পটুয়াখালীর পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ
লিখিত বক্তব্যে সেলিম মুন্সী জানান, ১৯৯৫ সালে এসএ খতিয়ানমূলে তিনি ওই জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে সরকারি জরিপে তার নামে বিএস ১১২২ নম্বর খতিয়ানের ৪০৯১ নম্বর দাগে জমিটির চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়। এরপর থেকে গত ৩১ বছর ধরে তিনি পরিবার নিয়ে ওই জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন বলে দাবি করেন।
সম্প্রতি ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে তিনি কলাপাড়া সিনিয়র সিভিল জজ আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগ, গত ২ সেপ্টেম্বর আদালত বিবাদী মো. জাহিদুর ইসলাম সুমনের বিরুদ্ধে ওই জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
তবে সেলিম মুন্সীর অভিযোগ, আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে গত ৯ সেপ্টেম্বর সকালে জাহিদুর ইসলাম সুমন কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় তারা বাড়িটি ঘিরে ফেলে পরিবারের সদস্যদের ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
‘প্রতারক চক্রের’ সদস্যদের জড়িত থাকার অভিযোগ
সংবাদ সম্মেলনে সেলিম মুন্সী আরও দাবি করেন, কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগে সম্প্রতি একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে যে চক্রের নাম উঠে এসেছিল, সেই চক্রের কয়েকজন সদস্যও কথিতভাবে জমি দখলের ঘটনায় জড়িত।
তার দাবি, ওই কথিত চক্রের মূলহোতা হিসেবে পরিচিত সুমন বর্তমানে জাহিদুর ইসলামের পক্ষ নিয়ে তাদের পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন।
আতঙ্কে শিশু ও অসুস্থ বৃদ্ধরা
সংবাদ সম্মেলনে সেলিম মুন্সী বলেন, বাড়ির বাইরে বহিরাগতদের অবস্থান ও কথিত মহড়ায় তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, “বাইরে অস্ত্রধারী ও বহিরাগতদের অবস্থান দেখে ঘরের ভেতর আমার ৪ ও ৯ বছরের দুই নাতি আতঙ্কে কান্নাকাটি করছে। আমার অসুস্থ স্ত্রী ও বৃদ্ধ বাবাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এখন ঘরের বাইরে বের হতে পারছি না।”
তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে আইনি প্রতিকার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিবাদী পক্ষ তার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ পুরো পরিবারকে পাঁচটি মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিচ্ছে।
এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি। জিডির নম্বর ৩৭৮।
সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি
সংবাদ সম্মেলনের শেষভাগে সেলিম মুন্সী সাংবাদিকদের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাইয়ের আহ্বান জানান। একই সঙ্গে পটুয়াখালীর পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মো. জাহিদুর ইসলাম সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।