খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের ইজারা নেই, চুক্তিও অস্পষ্ট।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের ইজারা নেই, চুক্তিও অস্পষ্ট।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ক্যান্টিন ইজারা ছাড়াই পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে।

ক্যান্টিনটি কোন প্রক্রিয়ায় চলছে, কার অনুমতিতে পরিচালিত হচ্ছে এবং এর বিপরীতে দেওয়া অর্থ কোন খাতে জমা হচ্ছে, এসব বিষয়ে হাসপাতাল প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্যে দেখা গেছে অস্পষ্টতা।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রায় এক বছর বন্ধ থাকার পর ক্যান্টিনটি পুনরায় চালু হয়। এরপর অন্তত দুই দফা হাতবদল হয়েছে বলে জানিয়েছেন খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান। একাধিক সূত্রের দাবি, প্রথমে জামায়াত-শিবির সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি পরিচালনা করেন। পরে জাতীয়তাবাদী ইন্টার্ন চিকিৎসকদের একটি চুক্তিনামার মাধ্যমে পরিচালনার কথা জানা যায়। তবে চুক্তিটি কার সঙ্গে, কখন এবং কোন প্রক্রিয়ায় হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ক্যান্টিনের কর্মী মারুফের ভাষ্য অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসক আরাফাত ম্যানেজারের দায়িত্বে রয়েছেন এবং জাতীয়তাবাদী ইন্টার্ন চিকিৎসক কামরানেরও সম্পৃক্ততা রয়েছে। তবে মোবাইল ফোনে গণমাধ্যমকে কামরান এ অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ক্যান্টিন পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং কাগজপত্রেও তার নাম নেই।

এদিকে হাসপাতালের ক্যাশিয়ার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, প্রতি বর্গফুট ২০ টাকা হিসাবে ক্যান্টিনের জন্য মাসে প্রায় ৪ হাজার টাকা দেওয়া হয়। তবে কে এই অর্থ দেন এবং কোন খাতে তা জমা হয়, সে বিষয়ে তিনি স্পষ্ট তথ্য দিতে পারেননি।
হাসপাতালের প্রধান সহকারী মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ক্যান্টিনের বিষয়ে তিনি কিছু জানেন না।

অ্যাকাউন্টেন্টের সহকারী রাজুও মোবাইল ফোনে জানান, ক্যান্টিনের টাকা জমার বিষয়টি ক্যাশিয়ারের জানার কথা।

ক্যান্টিন পরিচালনার বৈধতা সম্পর্কে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, একটি চুক্তিনামার মাধ্যমে কিছু টাকা জমা হওয়ার কথা ছিল। তবে তা বাস্তবে হচ্ছে কি না, তিনি জানেন না। তিনি ক্যান্টিনটি ইজারার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত বলেও জানান।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. সুজাত আহম্মেদ সাংবাদিকদের বলেন, ইজারা ছাড়া সরকারি কোষাগারে টাকা দেওয়ার সুযোগ নেই। ক্যান্টিনটি ইজারা দেওয়ার জন্য পরিচালককে জানানো হয়েছে বলেও জানান তিনি।

তবে হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের বক্তব্য ভিন্ন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের ক্যান্টিন ইজারা দেওয়ার নিয়ম নেই এবং আগে যারা পরিচালনা করতেন, তারাই এখনো চালাচ্ছেন।

বর্তমানে কারা পরিচালনা করছেন জানতে চাইলে তিনি ক্যান্টিনে গিয়ে খোঁজ নিতে বলেন।
ফলে ক্যান্টিনটির বৈধতা, পরিচালনাকারী এবং অর্থ জমার বিষয়টি নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন।

পরিচালক বলছেন ইজারার নিয়ম নেই, উপ-পরিচালক বলছেন ইজারা ছাড়া সরকারি কোষাগারে টাকা দেওয়ার সুযোগ নেই, আর তত্ত্বাবধায়কও ইজারার মাধ্যমে পরিচালনার পক্ষে মত দিয়েছেন।

ইজারা না থাকলে ক্যান্টিনটি কার অনুমতিতে চলছে, মাসে প্রায় ৪ হাজার টাকা কে বা কারা দিচ্ছেন এবং সেই অর্থ কোন খাতে জমা হচ্ছে—এসব প্রশ্নের স্পষ্ট উত্তরই এখনো মেলেনি।