পাচুড়িয়া বেইলি ব্রিজে তীব্র জনভোগান্তি, দ্রুত ট্র্যাফিক ও ওয়ানওয়ে ব্যবস্থা চান স্থানীয়রা`

এ জেড আমিনুজ্জামান রিপন :

এদিকে, শহরের নদীর পশ্চিম পাশ দিয়ে বিকল্প একটি সড়ক রয়েছে। নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় ওই সড়কটি ব্যবহার উপযোগী করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা গেলে পাচুড়িয়া ব্রিজ এলাকায় বর্তমান যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

 “শহরের নদীর পশ্চিম পাশ দিয়ে বিকল্প একটি সড়ক রয়েছে। নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় ওই সড়কটি ব্যবহার উপযোগী করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা গেলে পাচুড়িয়া ব্রিজ এলাকায় বর্তমান যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা”

গোপালগঞ্জ সদর উপজেলার পাচুড়িয়া বেইলি ব্রিজ এলাকায় ব্রিজ নির্মাণকাজকে কেন্দ্র করে তীব্র জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ব্যস্ততম এই সড়কে যানজট ও ধীরগতির কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীসহ সাধারণ পথচারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্মাণাধীন এলাকায় দ্রুত ট্র্যাফিক ব্যবস্থা চালু এবং প্রয়োজন অনুযায়ী ওয়ানওয়ে ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সমাজ বিশ্লেষকরা।

স্থানীয়দের অভিযোগ, পাচুড়িয়া ব্রিজের নির্মাণকাজ শুরুর পর থেকেই গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্তমানে একটি মাত্র বেইলি ব্রিজ দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল করায় ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। অনেক সময় ব্রিজ পার হতে ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে।

অন্যদিকে, সন্ধ্যা হলেই বালুভর্তি ট্রলি ও ভারী যানবাহনের চলাচল বেড়ে যায়। এসব যানবাহনের কারণে ব্রিজ এলাকায় যানজট আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। একই সঙ্গে অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে নির্মাণাধীন সড়ক ও বেইলি ব্রিজের ওপরও চাপ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে পাচুড়িয়া খাল পুনরুদ্ধারের লক্ষ্যে শহরের ব্যস্ততম এই সড়ক কেটে মধুমতী নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকেই এ এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি শুরু হয়।

বর্তমানে পাচুড়িয়া খালের নির্মাণকাজ চলমান রয়েছে। তবে কাজের গতি ধীর হওয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্মাণকাজের কারণে সড়কে ধুলাবালি ও যানবাহনের ধোঁয়ায় আশপাশের বাড়িঘর ও দোকানপাটের বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, নির্মাণকাজ শুরুর আগে পারাপারের জন্য দুটি বেইলি ব্রিজ ছিল। তখন যানবাহন ও পথচারীদের চলাচলে তেমন বড়ো ধরনের সমস্যা হতো না। বর্তমানে একটি বেইলি ব্রিজ থাকায় যানবাহন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে এবং ব্রিজের কাছে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

কিছুদিন আগে পাচুড়িয়া বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

 

সাধারণ মানুষের দাবি, নির্মাণকাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজ চলাকালীন সময়ে পাচুড়িয়া বেইলি ব্রিজ এলাকায় সার্বক্ষণিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা, প্রয়োজন অনুযায়ী ওয়ানওয়ে ব্যবস্থা কার্যকর করা এবং বালুভর্তি ট্রলি ও ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।

এদিকে, শহরের নদীর পশ্চিম পাশ দিয়ে বিকল্প একটি সড়ক রয়েছে। নির্মাণকাজ চলমান থাকা অবস্থায় ওই সড়কটি ব্যবহার উপযোগী করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা গেলে পাচুড়িয়া ব্রিজ এলাকায় বর্তমান যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
জনভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।