খুলনায় খুনের মিছিল, নেপথ্যে মাদক-আধিপত্য।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

 

খুলনায় খুনের মিছিল, নেপথ্যে মাদক-আধিপত্য।
এক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি হত্যাকাণ্ড। গত আগস্ট মাসে মাত্র ১৪ দিনের ব্যবধানে খুলনা মহানগর ও জেলায় অন্তত পাঁচজন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে খুলনা মহানগরীতে তিনজন এবং জেলার বিভিন্ন এলাকায় দুজন। একই সময়ে বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও র‌্যাব কয়েকটি ঘটনায় আসামি গ্রেপ্তার করলেও মূল প্রশ্ন থেকেই যাচ্ছে, হত্যাকাণ্ড থামছে না কেন ? আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ ঘটনার নেপথ্যে মাদক কারবার ও এলাকার আধিপত্য বিস্তার। পাশাপাশি অপরাধীদের সহজে জামিনে বেরিয়ে আসাও অপরাধ বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন তারা।

গত ১২ আগস্ট রাতে রূপসার শ্রীরামপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী ফখরুল শেখ নিহত হন। মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড বলে পুলিশের তদন্তে উঠে আসে। ঘটনার চার দিন পর প্রধান শুটার ইব্রাহিম খলিল ওরফে কাটাপ্পাকে যশোর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৬। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেয় সে।
এর পরদিন খুলনা নগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার আশিবিঘার বালুর মাঠে মনজুরুল নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে একই এলাকার কাছ থেকে নজমুল নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার হয়। শুরুতে ফুটবল খেলার বিরোধের কথা বলা হলেও পরে তদন্তে মাদক ও আধিপত্য বিস্তারের বিষয়টি সামনে আসে।সর্বশেষ ২৬ আগস্ট দৌলতপুরের মহেশ্বরপাশা কার্তিককুল এলাকায় একটি ঘের থেকে হাত-পা বাঁধা অবস্থায় মনিরুল ইসলাম রনির মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে ধারণা পুলিশের। এ ঘটনায় মামলা হলেও পরে নিহতের মা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
কেএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নগরীর অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে মাদক ও আধিপত্য বিস্তার কাজ করছে। মাদক নিয়ন্ত্রণ করা গেলে হত্যাকাণ্ডও অনেকাংশে কমানো সম্ভব। তার মতে, হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামিরা সহজে জামিনে বেরিয়ে এসে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।
তবে শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই পরিস্থিতির স্থায়ী সমাধান হবে কি না, সেই প্রশ্নও উঠছে। মাদক কারবার নিয়ন্ত্রণে ব্যর্থতা, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া, সহজে জামিন এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগ সব মিলিয়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি মাদক কারবারের পৃষ্ঠপোষক, অস্ত্রধারী সন্ত্রাসী এবং তাদের রাজনৈতিক আশ্রয় দাতাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা না নিলে খুলনায় খুনের এই মিছিল থামানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।