সুন্দরবনে র‍্যাবের বড়ো ধাক্কা : ৩৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার।

​নইন আবু নাঈম তালুকদার শরণখোলা, বাগেরহাট :

সুন্দরবনে র‍্যাবের বড়ো ধাক্কা : ৩৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অভিযান চালিয়ে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৬। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
​বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
​পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার সুন্দরবন হরিণটানা সংলগ্ন শ্যাওলা নদীর তীরবর্তী ‘গড়াইল বাগান’ এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬-এর একটি বিশেষ দল। অভিযানে বনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
​উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি শর্টগান, চারটি দেশীয় তৈরি পাইপগান এবং বেশ কয়েকটি পুরোনো ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।
​র‍্যাব-৬ জানায়, সুন্দরবন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যু ও অপরাধীদের অপতৎপরতা দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে অস্ত্রগুলো শরণখোলা থানায় জমা দেওয়া হয়েছে।