গোবিপ্রবিতে ছাঁটাই নাকি নির্বিচারে ডাল কাটা? ময়লা-আবর্জনায় বাড়ছে ক্ষোভ।

মো: মিঠুন হাসান জাকারিয়া, গোবিপ্রবি প্রতিনিধি :

গোবিপ্রবিতে ছাঁটাই নাকি নির্বিচারে ডাল কাটা? ময়লা-আবর্জনায় বাড়ছে ক্ষোভ।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে গাছের ডাল ছাঁটাইকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় ছাঁটাইয়ের পরিবর্তে ঔষধি অর্জুন গাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের বড় ডাল কেটে ফেলা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ, অপরিচ্ছন্ন বসার স্থান এবং প্রধান ফটকে পোস্টার-ব্যানারের ছড়াছড়ি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্যকে প্রশ্নের মুখে ফেলেছে।

শিক্ষার্থীদের দাবি, প্রায় ২০ ফুট উচ্চতার একটি ঔষধি অর্জুন গাছের বড় ডাল কেটে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কের পাশের গাছগুলোর ডাল এমনভাবে ছাঁটাই করা হয়েছে, যা অনেক ক্ষেত্রে গাছের স্বাভাবিক গঠনকে ক্ষতিগ্রস্ত করেছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কাটা ডালপালা ফেলে রাখা, ময়লা-আবর্জনার স্তূপ এবং শিক্ষার্থীদের জন্য নির্মিত বসার স্থানগুলো নোংরা হয়ে থাকায় সেগুলো ব্যবহারও কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, কিছু স্থানে টানা তিন দিন ধরে ময়লা পড়ে থাকায় মশার উপদ্রবও বেড়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার নিজামুল হক চৌধুরী বলেন, যানবাহন চলাচলে কোনো গাছের ডাল বাধা সৃষ্টি করলে সেগুলো ছাঁটাই করা হয়। তিনি বলেন, “গাড়ি চলার সময় গাড়ি বেঁধে যায়, যেমন ভিসি স্যারের গাড়ি। এজন্য ছাঁটাই করা হচ্ছে, গাছ কাটা হচ্ছে না।”

তবে শিক্ষার্থীদের প্রশ্ন, ছাঁটাইয়ের নামে কাটা ডালপালাগুলোর ব্যবস্থাপনা কীভাবে করা হচ্ছে, সে বিষয়ে প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যা নেই। তাদের দাবি, বাজারমূল্য থাকা সত্ত্বেও এসব ডালপালা যথাযথভাবে সংরক্ষণ বা নিলামের মাধ্যমে বিক্রি না করে বিভিন্ন স্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ল্যান্ডস্কেপিংয়ের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে সহকারী রেজিস্ট্রার জানান, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে ফোনে কথা হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা বিভিন্ন ব্যানার ও পোস্টার অপসারণের বিষয়ে তিনি বলেন, এগুলো বিভিন্ন ছাত্র সংগঠনের পোস্টার এবং সংশ্লিষ্টদের মৌখিক সম্মতির ভিত্তিতে সেগুলো সরানো হয়।

ক্যাম্পাসে জমে থাকা ময়লা-আবর্জনা সম্পর্কে তিনি জানান, পৌরসভার মাধ্যমে সেগুলো অপসারণের কথা এবং বিকেলের মধ্যে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তবে বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কিছু স্থানে ময়লা পড়ে থাকে।

তিনি আরও জানান, গতকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ঝোপঝাড় পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

অন্যদিকে, অর্জুন গাছের ডাল কাটার নির্দিষ্ট ঘটনার বিষয়ে নিজামুল হক চৌধুরী বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, ভবিষ্যতে গাছের ডাল কাটার সময় যাতে কোনো গাছের ক্ষতি না হয়, সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

কাটা ডালপালার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, কর্তন করা ডালপালাগুলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে জ্বালানি হিসেবে বিতরণ করা হবে।

এদিকে শিক্ষার্থীদের দাবি, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গাছের ডাল ছাঁটাইয়ের ক্ষেত্রে লিখিত অনুমতি ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের দাবি।