গ্যাস সংকটে নরসিংদীর অর্ধশত কারখানায় কাঠ পোড়ানো, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

গ্যাস সংকটে নরসিংদীর অর্ধশত কারখানায় কাঠ পোড়ানো, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য।

দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশ উৎপাদন হয় নরসিংদীর বিভিন্ন কারখানায়। কিন্তু গ্যাস সংযোগ না থাকা ও তীব্র গ্যাস সংকটের কারণে জেলার ৩ শতাধিক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কারখানা মালিক ও শ্রমিকরা।

অন্যদিকে গ্যাসের বিকল্প হিসেবে নন-গ্যাস বয়লারে জ্বালানি হিসেবে নির্বিচারে পোড়ানো হচ্ছে গাছের কাঠ। জেলার অন্তত অর্ধশতাধিক ছোট-বড় কারখানায় এভাবে কাঠ পোড়ানোর অভিযোগ উঠেছে। এতে একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে ধোঁয়া ও বায়ু দূষণের কারণে হুমকির মুখে পড়ছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য।

নরসিংদীর শেখেরচর ও মাধবদী শিল্পাঞ্চলের ৪১টি ডাইং ও সাইজিং কারখানার নন-গ্যাস বয়লারে প্রতিদিন প্রায় ৮ টন কাঠ পোড়ানো হচ্ছে বলে জানা গেছে। শিল্পকারখানার বয়লারে এভাবে গাছের কাঠ ব্যবহারের ফলে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

স্থানীয়দের অভিযোগ, শিল্পকারখানা পরিচালনার নামে নির্বিচারে গাছের কাঠ পোড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্প টিকিয়ে রাখার প্রয়োজন থাকলেও তার দায় যেন পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর চাপিয়ে দেওয়া না হয়। তারা অবিলম্বে কাঠ পোড়ানো বন্ধ করে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

জানা গেছে, জুট বয়লার হিসেবে নিবন্ধিত নন-গ্যাস বয়লারে কয়লা, জুটসহ বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ রয়েছে। কিন্তু এসব বয়লারে অবাধে কাঠ পোড়ানোর অভিযোগ রয়েছে।

নরসিংদীর প্রধান বয়লার পরিদর্শক সুমন কুমার পাল গণমাধ্যমকে বলেন, কাঠ পোড়ানোর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, বিষয়টি সত্য। তবে শিল্পকারখানা সচল রাখার প্রয়োজনেই কোথাও কোথাও কাঠ ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা গণমাধ্যমের সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট আইন না থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

নরসিংদী জেলায় নিবন্ধিত বয়লার কারখানার সংখ্যা ৩৬৪টি। এর মধ্যে ৩২৩টি গ্যাসচালিত। গ্যাস সংকটের কারণে বিকল্প জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের প্রবণতা বাড়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

স্থানীয় জনগনের দাবি, শিল্পকারখানা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও তার জন্য কোনোভাবেই গাছ কেটে কাঠ পোড়ানো এবং পরিবেশ বিপর্যয় ডেকে আনা মেনে নেওয়া যায় না। শিল্প রক্ষার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে গাছের কাঠ পোড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।