সুন্দরবনে র‍্যাব-৬-এর সাঁড়াশি নজরদানির সাফল্য: চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সুন্দরবনে র‍্যাব-৬-এর সাঁড়াশি নজরদানির সাফল্য: চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পন।

 

সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর চার প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণের মধ্য দিয়ে বনদস্যুদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে। একই সঙ্গে আত্মসমর্পণকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সুন্দরবনে আবারও শান্ত পরিবেশ ফিরিয়ে আনা এবং বনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)-এর ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে এ আত্মসমর্পণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৩১ আগস্ট) চারটি সক্রিয় জলদস্যু বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৬-এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী চারটি বাহিনীর মধ্যে রয়েছে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই ও আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন। এসব বাহিনীর চার প্রধানও আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন।সূত্র জানায়, সুন্দরবনের ওপর প্রত্যক্ষ ভাবে নির্ভরশীল হাজার হাজার জেলে, বাওয়ালি ও মৌয়ালকে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ করে আসছিল কতিপয় জলদস্যু চক্র। অতীতে সুন্দরবনের বেশ কয়েকটি দস্যু বাহিনী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে গেলেও সম্প্রতি কিছু নতুন চক্র এবং পুরনো দস্যুদের একটি অংশ আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে র‍্যাব-৬ সুন্দরবন জুড়ে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করে।আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত নজরদারি, অভিযানের চাপ এবং সুন্দরবনের প্রতিকূল পরিবেশের কারণে শেষ পর্যন্ত দস্যু বাহিনী গুলো অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেয়।

র‍্যাব-৬ কর্তৃপক্ষের দাবি, চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণের ফলে সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের সাংগঠনিক নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে সুন্দরবনের ওপর নির্ভরশীল সাধারণ বনজীবীদের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সুন্দরবনে র‍্যাব-৬-এর সাঁড়াশি নজরদানির সাফল্য: চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পন।

র‍্যাব-৬ গণমাধ্যমকে জানায়, সুন্দরবনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আত্মসমর্পণকারী ৫২ জনকে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত আদালতে সোপর্দ করা হবে।