
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তি ও ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্বোধন করেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে একসঙ্গে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল। সে সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে উৎসাহিত করতে প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে সাইকেল দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি জটিলতায় আটকে আছে। দ্রুত এসব জটিলতা দূর করে নিয়োগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে।
কুয়েটের একাডেমিক কাঠামো আরও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একই ধরনের একাধিক বিভাগের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা উচিত। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বৈদ্যুতিক যানবাহন, এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয়েও শিক্ষা চালু করা প্রয়োজন। এআই কোর্স চালুর আবেদন ইউজিসিতে দুই বছর ধরে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এহছানুল হক মিলন বলেন, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা। তাই শুধু সুন্দর অবকাঠামো নির্মাণ করলেই হবে না, এই বিনিয়োগের যথাযথ ফল নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা কর্মজীবনে কোথায় অবস্থান করছেন, তা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংরক্ষণ করা প্রয়োজন।
আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর যথাযথ মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল বাংলাদেশি শিক্ষার্থীদের অর্জনের অংশ দেশের বিশ্ববিদ্যালয় গুলোরও পাওয়া উচিত বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শুধু অবকাঠামো নয়, মেধা, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানকে সমান গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।