
এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীতে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা এবং স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।
মরহুম হাবিবুর রহমান আজাদের স্মরণে আয়োজিত এ নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার দৃষ্টিনন্দন ও দ্রুতগতির একাধিক সারেঙ্গী নৌকা অংশ নেবে।
আয়োজকরা জানান, ৪ সেপ্টেম্বর বিকেলে আড়িয়াল খাঁ নদীর খাসেরহাট ব্রিজের গোড়া থেকে নৌকা বাইচ শুরু হয়ে সমিতির হাট লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হবে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন বেপারী নৌকা বাইচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামীণ বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকা বাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।
নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলার গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি উৎসব। একসময় বর্ষাকালে দেশের বিভিন্ন নদ-নদীতে নিয়মিত নৌকা বাইচ অনুষ্ঠিত হলেও নানা কারণে অনেক এলাকায় এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজন সেই ঐতিহ্যকে আবারও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদেরও নৌকা বাইচ উপভোগ করতে আড়িয়াল খাঁ নদীর তীরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবকে ঘিরে নদীর তীরজুড়ে তৈরি হবে আনন্দঘন পরিবেশ—যেখানে নৌকার ছন্দ, মাঝিদের হেঁইয়ো এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠবে পুরো এলাকা।
স্থানীয়দের প্রত্যাশা, মরহুম হাবিবুর রহমান আজাদের স্মরণে আয়োজিত এ নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন হিসেবেই নয়, বরং মাদারীপুরের লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।