সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার।

ইয়াছিন আরাফাত রাফি, সাভার ঢাকা :

সাভারে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার।

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে সাভারের পাকিজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজন হোসেন (৩০), নির্মল ওরফে পিচ্চি নির্মল (২৬), সজিব (৩৬), রনি (৩৫) ও খায়রুল হক (২২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকিজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা ওই পাঁচজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—একটি ধারালো স্টিলের তৈরি চাপাতি, একটি ধারালো লোহার তৈরি ছোরা, একটি ধারালো স্টিলের তৈরি সুইচ গিয়ার, একটি ধারালো স্টিলের তৈরি খুর এবং একটি ধারালো স্টিলের তৈরি চাকু।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য কি না এবং তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ বলছে, অপরাধ দমনে সাভার ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।