কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ।

মোহাম্মদ রুমী শরীফ, কুয়াকাটা, পটুয়াখালী :

কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একই সময়ে তিনি নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেছেন বলেও অভিযোগ করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বাবুল হাওলাদার।

অভিযোগ উঠেছে, সহকারী শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফ দীর্ঘদিন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষক সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। পাঁচজন শিক্ষকের মধ্যে একজন দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বর্তমানে চারজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বাবুল হাওলাদার বলেন, “নাহিয়ান বিনতে ইউসুফ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। অথচ তিনি নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। একজন শিক্ষক দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় অন্য শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে এবং শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তবে অভিযোগের বিষয়ে শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফের দাবি, তিনি ডেপুটেশনে ছিলেন। তার বক্তব্য অনুযায়ী, কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি ডেপুটেশনের সঙ্গে সংশ্লিষ্ট।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানান, ওই শিক্ষিকার ডেপুটেশন বাতিল করা হয়েছে। গত ১১ আগস্ট তাকে নিজ বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো বিদ্যালয়ে যোগদান করেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো সরকারি কর্মচারী দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করে থাকলে বিষয়টি সরকারি বিধি অনুযায়ী তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন শিক্ষক অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যে ক্ষতি হচ্ছে, সেটিও দ্রুত সমাধান করা জরুরি।

এদিকে, শিক্ষিকার প্রায় দুই বছর অনুপস্থিত থাকা, ডেপুটেশনের বৈধতা, বেতন-ভাতা গ্রহণের বিষয় এবং এ সময়ে তার দায়িত্ব পালনের প্রকৃত অবস্থা—এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।