শিবচরে মা হত্যার ৫ দিন পর নদী থেকে শিশু আবিরের মরদেহ উদ্ধার।

এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

শিবচরে মা হত্যার ৫ দিন পর নদী থেকে শিশু আবিরের মরদেহ উদ্ধার।

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর মা হত্যা মামলার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে এক বছর বয়সী শিশু আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মায়ের মরদেহ উদ্ধারের পর নিখোঁজ ছিল শিশুটি। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ফারুক শিশুটিকে আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নিলখী এলাকার মন্নান হাজীর মোড়সংলগ্ন মাদ্রাসা ঘাটে আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার খান বাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার পাশে বিল্লাল শিকদারদের জমির ঝোপের কাছে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। নিহত নারী হলেন নাটোরের লালপুর থানার বেরিলাবাড়ি পোস্টের আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে শাম্পা খাতুন (২৮)।

নিহতের বাবা ছামরুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার মো. শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে শাম্পার বিয়ে হয়। তাঁদের এক বছর বয়সী ছেলে আবির ছিল। ১৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। একই সঙ্গে নাতি আবির নিখোঁজ রয়েছে বলেও জানতে পারেন। এ ঘটনায় ২০ আগস্ট শিবচর থানায় হত্যা মামলা করেন ছামরুল ইসলাম। মামলার পর মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‌্যাব-৮, মাদারীপুরের একটি যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে শিবচর ও রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়। ফারুক রতন মোল্লার ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা এলাকায় এবং বর্তমান ঠিকানা শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায়। পুলিশ জানায়, ফারুকের বাসায় তল্লাশি চালিয়ে নিহত শাম্পা খাতুনের ব্যবহৃত স্বর্ণের নাকপিন, রুপার গলার চেইন, পোড়ানো অবস্থায় তাঁর ওড়না এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শিশু আবিরকে আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকেই শিশুটিকে উদ্ধারে আড়িয়াল খাঁ নদে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে ঘটনার পাঁচ দিন পর সোমবার সকালে নিলখী এলাকার মাদ্রাসা ঘাটে নদে ভাসমান অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।