খুলনায় একদিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি, চিকিৎসাধীন ৫৭৫ জন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় একদিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি, চিকিৎসাধীন ৫৭৫ জন।

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ১১৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ১১ জন, মাগুরায় ৩ জন এবং কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৪ হাজার ৬০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে এ সময়ে ডেঙ্গুতে বিভাগে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ১৩ জন, খুলনা জেলায় ২ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে খুলনা সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাড়ি ঘর ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত ভাবে এডিস মশার লার্ভা ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।