
নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

বাগেরহাটের শরণখোলায় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সিএসও (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) সদস্যদের সঙ্গে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়।
CODEC–ENGAGE প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সংলাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিএসও সদস্য, সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় কর্তৃপক্ষ, সাংবাদিক এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় মোট ২৯ জন উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন CODEC–ENGAGE প্রকল্পের এরিয়া অফিসার (AO) অজিফা নীলা। এ সময় প্রকল্পের টিও (TO), ফিল্ড ফ্যাসিলিটেটর (FF), উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সিএসও সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যা, সিএসওদের গৃহীত উদ্যোগ ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার রাস্তা সংস্কার, পারিবারিক টিউবওয়েল স্থাপন, পিএসএফ স্থাপন ও সংস্কার, স্থানীয় কাঠের পুল মেরামত এবং বেড়িবাঁধ সংস্কারসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সভায় স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উপজেলা সিএসওদের বিভিন্ন উদ্যোগ ও অর্জন পর্যালোচনা করে সেগুলো আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সংলাপে সরকারি দপ্তরের প্রতিনিধিরা জানান, বর্তমানে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে সব সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ পাওয়া গেলে স্থানীয় জনগণের চাহিদা ও সমস্যার গুরুত্ব বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত ও তালিকাভুক্ত করা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি, উপজেলা সিএসওদের উদ্যোগ ও অর্জনকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনার শেষ পর্যায়ে উপস্থিত সবাই স্থানীয় সমস্যা সমাধানে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, সিএসও এবং জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। পাশাপাশি চিহ্নিত সমস্যাগুলোর বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।