গোপালগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল থেকে ব্যাটারি চুরির সময় যুবক আটক।

মো. জাকারিয়া খান, ভ্রাম্যমান প্রতিবেদক :

গোপালগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল থেকে ব্যাটারি চুরির সময় যুবক আটক।

গোপালগঞ্জ শহরের জেলখানা রোড এলাকায় ডায়াবেটিস হাসপাতালের জেনারেটর রুমের তালা ভেঙে ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় রাকিব মোল্লা (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের জেনারেটর রুম থেকে ব্যাটারি নিয়ে যাওয়ার সময় হাসপাতালের কর্মীরা তাকে আটক করেন। পরে বিষয়টি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি করা ব্যাটারিটি উদ্ধার করে।

আটক রাকিব মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডেহি গ্রামের সরোয়ার মোল্লার ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাকিব জেনারেটর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় হাসপাতালের কর্মীদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাটারিটি জব্দ করে এবং রাকিবকে হেফাজতে নেয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, গত ২০ জুলাই হাসপাতালের ফার্মেসি থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অ্যান্টিবায়োটিক ওষুধ চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এদিকে আটক রাকিব মোল্লার বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ি থেকে রাতের আঁধারে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ রয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যাটারি জব্দ করা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরপর চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে আগের চুরির ঘটনাগুলোও তদন্ত করে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা।