
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

হাইওয়ে পুলিশ সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিক ভাবে এআই প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি জনাব ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য জনাব শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির।
প্রযুক্তি ভিত্তিক এ প্রক্রিয়ায় আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সরাসরি বিআরটিএর (BRTA) ডেটাবেজে চলে যাবে। এরপর স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ জানানো হবে।
এসএমএস পাওয়ার পর যানবাহনের মালিকরা তাঁদের সুবিধা অনুযায়ী যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।একইভাবে কোনো যানবাহন বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইতোমধ্যে ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ভাবে ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টোপথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও শনাক্ত করা সম্ভব হবে।
হাইওয়ে পুলিশের এ উদ্যোগকে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ব্যবস্থা সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আধুনিক ও যুগোপযোগী এ উদ্যোগ সফল করতে পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ জনগণকে একযোগে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।