
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে ৭১ টেলিভিশনের রিপোর্টার ও খুলনা প্রেসক্লাবের সদস্য রাজু হাওলাদারকে বাধা দেওয়া, অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বয়রা ড্রেজার বেইজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
রোববার সকালে পেশাগত দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে বলে সাংবাদিক সংগঠনগুলোর বিবৃতিতে জানানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, সাংবাদিক রাজু হাওলাদার বিআইডব্লিউটিএর বয়রা ড্রেজার বেইজ কার্যালয়ে তথ্য সংগ্রহের জন্য গেলে নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পেশাগত কাজে বাধা দেন। একপর্যায়ে অফিসে নির্ধারিত সময়ের পরে আসার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। প্রজাতন্ত্রের একজন কর্মচারীর এমন আচরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে বলে তারা আশা প্রকাশ করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনভাবে তথ্য সংগ্রহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
একই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি ও কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ নেতৃবৃন্দ এক বিবৃতিতে সাংবাদিক রাজু হাওলাদারের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানান।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পরভেজ, সাধারণ সম্পাদক মোল্লা, সহ-সভাপতি সোহরাব হোসেন এবং কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান বিবৃতিতে বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও অনিয়ম তুলে ধরার কাজ করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা অসৌজন্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মো. জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলমও পৃথক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) সভাপতি কৌশিক দে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির এক বিবৃতিতে বলেন, সাংবাদিক রাজু হাওলাদার রোববার সকালে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখানে নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য হুমকিস্বরূপ।
তারা অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বিজেপিসির বাগেরহাট, মাগুরা ও মেহেরপুর জেলা শাখাসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরাও এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অন্যদিকে জার্নালিস্ট প্রটেক্ট নেটওয়ার্ক (জেপিএন) নেতৃবৃন্দও সাংবাদিক রাজু হাওলাদারকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ করে সত্য তুলে ধরার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা দেওয়া, হুমকি দেওয়া কিংবা অসৌজন্যমূলক আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
জেপিএন নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের অভিযোগ, গণমাধ্যমকর্মীরা জনস্বার্থে বিভিন্ন তথ্য সংগ্রহ ও অনিয়ম-অব্যবস্থাপনা তুলে ধরার কাজ করেন। তাই সরকারি কোনো দপ্তরে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা কাজে বাধা দেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।