
ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

ঢাকার সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ভাড়া কক্ষ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় রাজু সিটি সংলগ্ন মৃত আমির আলীর মালিকানাধীন একটি বাড়ির ভাড়া কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, প্রায় সাত দিন আগে রাজমিস্ত্রির কাজের কথা বলে দুজন ব্যক্তি ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর থেকে তাদের সঙ্গে প্রতিবেশীদের তেমন কোনো যোগাযোগ ছিল না। গত কয়েকদিন ধরে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল।
রোববার সকালে ওই কক্ষের ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে মেঝে থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ওই কক্ষ ভাড়া নেওয়া দুই ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।