
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সঙ্গে অন্য দেশের মেলবন্ধন সম্ভব, যা অনেক সময় পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।
খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে খুলনার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান।
সভায় কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু: বিল্লাল হোসেন খান।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাসের নেতৃবৃন্দ, নজরুল গবেষক, নজরুল একাডেমির প্রতিনিধি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।