গোপালগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল।

মো. ফয়সাল মোল্লা, নিজস্ব প্রতিবেদক :


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনা, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা।

এ ছাড়া গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের নেতাকর্মী, সদর উপজেলার সদস্য সচিব রিপন মোল্লাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।