
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আজ ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের কার্যক্রমে যুক্ত হন। সরকারি আর্থিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রাপ্য অর্থ দ্রুত, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং খুলনার অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দ্রুত প্রদানের পাশাপাশি তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডিজিটাল প্রযুক্তি নির্ভর এ অর্থ প্রদান কার্যক্রমের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের প্রাপ্য অর্থ আরও সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি কমানোর ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দ্রুত ও সুশৃঙ্খলভাবে প্রদানের এ উদ্যোগ তাদের জন্য ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।