
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জনসম্মুখে উপস্থিতি জানান দেওয়ার অপচেষ্টা প্রতিরোধে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন এলাকায় তিনটি পৃথক অভিযান চালিয়ে মোট ১১ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।
এসব ঘটনায় আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট সন্ধ্যা থেকে ১৫ আগস্ট বিকেল পর্যন্ত সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষে কয়েকজনকে একত্র করে খাবার বিতরণ এবং এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে ১৫ আগস্টকে ঘিরে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করা হয়েছিল।
১৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন পশ্চিম বানিয়াখামার পুরাতন গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে অভিযান চালায় সোনাডাঙ্গা থানা পুলিশ। পুলিশের দাবি, সেখানে কয়েকজনকে একত্র করে খাবার বিতরণের মাধ্যমে প্রচার-প্রচারণার চেষ্টা করা হচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
আটকরা হলেন আলী হোসেন (২৪), পিতা নজরুল ইসলাম, সাং মদিনা নগর গলি, থানা লবণচরা; মো. ইমন (২৬), পিতা জুলহাস, সাং দরগা রোড, মেজরের মোড়, থানা খুলনা সদর; আশরাফুল ইসলাম (২৬), পিতা সিদ্দিকুর রহমান, সাং সাচিবুনিয়া সুইচগেট, থানা লবণচরা; আব্দুস সামাদ (৫২), পিতা মৃত আরশাদ আলী, সাং কুবা মসজিদের পাশে, পুরাতন গল্লামারী, থানা সোনাডাঙ্গা মডেল এবং মো. রনি সরদার (২৭), পিতা মো. সফিকুল সরদার, সাং চিড়ার মিল গলি, পুরাতন গল্লামারী, সোনাডাঙ্গা, খুলনা।
এর আগে ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের তিন সদস্য ১০ প্যাকেট তেহারি কিনে খালিশপুরের আবু নাসের মোড়, গোয়ালখালির মোড় এবং দৌলতপুর থানাধীন লেকভিউ রেস্টুরেন্টের সামনে কয়েকজনকে একত্র করে খাবার বিতরণ করেন। পরে খাবার বিতরণের ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
বিষয়টি পুলিশের নজরে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবি দেখে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন পারভেজ হাসান (২৯), পিতা কাজী মুন্সি, সাং পাবলা কারিকরপাড়া, থানা দৌলতপুর, খুলনা এবং মো. সাব্বির হোসেন সৈকত (২৮), পিতা মো. কামরুজ্জামান, সাং পাবলা কেশবলাল রোড, কবির বটতলা, থানা দৌলতপুর, খুলনা। পুলিশ তাদের সাবেক ছাত্রলীগ সদস্য হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় অপু নামে আরও একজন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ভাষ্য, গভীর রাতে খাদ্য বিতরণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে ১৫ আগস্টকে কেন্দ্র করে জনমনে পূর্বস্মৃতি জাগ্রত করার অপচেষ্টা চালানো হয়েছিল। পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দৌলতপুর থানা পুলিশ।
অন্যদিকে, ১৫ আগস্ট দুপুর ২টার দিকে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট রেললাইন সংলগ্ন পারভীনের বাড়ির সামনে অভিযান চালায় খানজাহান আলী থানা পুলিশ। পুলিশের দাবি, সেখানে কয়েকজনকে একত্র করে খাবার বিতরণের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর চেষ্টা করা হচ্ছিল। অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে।
আটকরা হলেন পারভীন বেগম (৫০), পিতা ইউনুচ মিয়া, স্বামী মৃত নাসির সুন্সী; নীলা বেগম (৩২), পিতা মৃত নাসির মুন্সী, স্বামী রওসান আলী; মোছা. বিলকিস বেগম (৪৩), পিতা মো. ইউনুচ মিয়া, স্বামী মো. বাদশা মিয়া এবং মো. বিল্লাল হোসেন (৩৫), পিতা মৃত শাহ আলম হোসেন। তাদের সবার ঠিকানা ফুলবাড়ীগেট, ৪ নম্বর ওয়ার্ড, রেললাইন সংলগ্ন, থানা খানজাহান আলী, জেলা খুলনা।

খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, জনসমাগম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রের স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে কেএমপি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনটি পৃথক অভিযানে আটক ও গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।